Saturday, December 31, 2016

অসমাপ্ত জীবনের সংক্ষিপ্ত হিসেব ।। আল ফারুক

এখানে তোমার প্রশান্তি এঁকে দিব
নীলিমার মাঝে এই শূন্যে।
আরো উপরে অদৃশ্য দূরে ছায়াপথ হতে
অপলক চেয়ে রব কালো চোখের ভিতর
না পাওয়ার হতাশার জন্যে।
আরো দূরে যেখানে হেরে আসে কল্পনা
সেখানে পাঠাব মন।
শত বর্ষ পরে আলোকের পথ ধরে
উদভ্রান্ত মেঘের মতন
উড়ে উড়ে বাতাসের ঝাপটার অবহেলা সয়ে
হারাব উদ্দেশ্যের প্রত্যাশিত গতিপথ।
হঠাৎ অচেনার পথ ধরে
ক্লান্তির নিঃশ্বাস ফেলে থমকে দাঁড়াব
চেনা মুখের অচেনা হাসির শব্দে।
তখন আমার শুভ্র কেশে প্রকৃতির মুখোশ
সাদাকালোর দৃষ্টি নিয়ে
হাসি (হতাশার) মুখে ফিরে যাব আমার গন্তব্যে।
রহস্যের বদলে যাওয়া রং
ধিক্কার দিবে অতীতের সব লুকোচুরি-
মিথ্যে প্রেম, মিথ্যে জীবন, মিথ্যে আমি।
সঞ্চয় শূন্য পথিক ফিরে যাবে
যেমন খালি হাতে এসেছিল শতাব্দীর সুচনায়।
সাথে কিছু পাপ কিছু ঋণ কিছু অভিশাপ নিয়ে...
১০ ডিসেম্বর, ২০১৬

No comments:

Post a Comment