Thursday, December 1, 2016

মাটির টানে ।। আল ফারুক

মহাপৃথিবী বিশাল এ ধরণী খুঁজে
এই বাংলার মায়াবী পথেই খুঁজে ফিরি মোর গ্রাম
সোজা পথ বাঁকা পথ চৌচির রৌদ্রে
ঘামে ভেজা কায়া নিয়ে লই বিশ্রাম।।
কতশত আশা নিয়ে পিপাসা কাতর হয়ে
হেঁটে হেঁটে বহুপথ মহাদেশ ঘুরি
সাগরের তীর ঘেঁসে লোনা জলে ভেসে ভেসে
মুক্তা মানিক কত এলো ভুরিভুরি।
কত জ্ঞান কত দেশে লভেছি অট্টহেসে
কত রূপে অপরূপ হলো দরশন
হিমালয় পাদদেশে বালুকের সাথে মিশে
প্রিয়কের প্রেমে হরো মন।
কত রঙ কত খেলা বিরহ বিজন বেলা
ভেসে ওঠে তারি মাঝে দেশ
বরষার পথঘাট সবুজের ধানক্ষেত
দোলা দিয়ে প্রাণে তোলে সুখের আবেশ।
প্রাসাদের চূড়া ছুঁয়ে মেঘের কোলেতে ভীড়ে
ভরেনা'ত কিছুতে এ মন
কতকাল পরে ফেরা তবুও কি যায় ছেঁড়া
মাটিতে মিশানো এই প্রিয় বন্ধন!
১ ডিসেম্বর, ২০১৬

No comments:

Post a Comment