Saturday, December 31, 2016

হালখাতা ।। আল ফারুক

তোমারে জেনেছি গতকাল
বাসি হলো জানাশোনার হিসাব নিকাশ
গত হলো বছরের শেষ বৈকাল।
খুলেছি নতুন খাতা পড়েনি আঁচড়
লেখা হবে নতুনের শুভ ইতিহাস।
কলমের কালি দিয়ে, কালো তো বটেই
তাতে রবে পাণহীনা প্রাণ।
জেগে ওঠ কায়া মন মানব মনে
মহা সুখ সমারোহে উল্লাসে আজ
কত কিছু আজো বাকি হলো না সারা
কত দানে বাকি পড়ে কত মহাকাজ।
আমার এই প্রাণখানি আজো ডেকে যায়
দিতে বাকি আমার ঐ মহাবলি দান।
১ জানুয়ারি, ২০১৭

জয় বাংলা ।। আল ফারুক

আজো ভয় হয় এই বাংলার স্বাধীনতা কার হাতে
আজো ভয় হয় ফিরে যাব কি না ২৬শে মার্চ রাতে!
আজো হয় খুন নারী ধর্ষণ হানাদার তবে কারা
লন্ঠিত হয় ভীরু মানুষেরা ইয়াহিয়া করে তাড়া।
ক্ষমতার কাছে নতজানু আজো ভুখা মানুষের দল
আজো হয় খুন নারী ধর্ষণ মার খায় দুর্বল।
*** *** *** *** *** *** *** *** ***
মুছে যাক গ্লানি অশুভ ছায়ার রক্ত পিপাসু হাত
স্বাধীন বাংলার মুক্ত আকাশে আসুক নয়া প্রভাত।
দূর হোক নিশা আগ্রাসনের জুলুমের হোক শেষ
পরাধীনতার ক্লান্তি ঝেড়ে জেগে ওঠ প্রিয়দেশ।
দূর হোক জরা শান্তির খড়া লজ্জিত হোক হেম
জয় বাংলা জয় বাংলা জয় স্বদেশের প্রেম।
১৬ ডিসেম্বর, ২০১৬

অসমাপ্ত জীবনের সংক্ষিপ্ত হিসেব ।। আল ফারুক

এখানে তোমার প্রশান্তি এঁকে দিব
নীলিমার মাঝে এই শূন্যে।
আরো উপরে অদৃশ্য দূরে ছায়াপথ হতে
অপলক চেয়ে রব কালো চোখের ভিতর
না পাওয়ার হতাশার জন্যে।
আরো দূরে যেখানে হেরে আসে কল্পনা
সেখানে পাঠাব মন।
শত বর্ষ পরে আলোকের পথ ধরে
উদভ্রান্ত মেঘের মতন
উড়ে উড়ে বাতাসের ঝাপটার অবহেলা সয়ে
হারাব উদ্দেশ্যের প্রত্যাশিত গতিপথ।
হঠাৎ অচেনার পথ ধরে
ক্লান্তির নিঃশ্বাস ফেলে থমকে দাঁড়াব
চেনা মুখের অচেনা হাসির শব্দে।
তখন আমার শুভ্র কেশে প্রকৃতির মুখোশ
সাদাকালোর দৃষ্টি নিয়ে
হাসি (হতাশার) মুখে ফিরে যাব আমার গন্তব্যে।
রহস্যের বদলে যাওয়া রং
ধিক্কার দিবে অতীতের সব লুকোচুরি-
মিথ্যে প্রেম, মিথ্যে জীবন, মিথ্যে আমি।
সঞ্চয় শূন্য পথিক ফিরে যাবে
যেমন খালি হাতে এসেছিল শতাব্দীর সুচনায়।
সাথে কিছু পাপ কিছু ঋণ কিছু অভিশাপ নিয়ে...
১০ ডিসেম্বর, ২০১৬

Monday, December 5, 2016

পুরাতন বন্দনা ।। আল ফারুক

নতুনের কাছে আমি পুরাতন
আমি অতি বেশি নষ্ট
নতুনেরা জানুক পুরাতন হলে
পাবে তারা এই কষ্ট।
আমি পুরাতন নতুনও ছিলাম
ছিলাম একদা খুশি
আজ পুরাতন একাকি কষ্টে
অতিতের স্মৃতি পুষি।
গায়ে ছিল বল মনে ছিল রঙ
যা খুশি করেছি হেসে
আজ অসহায় নিয়েছ সকলি
শোন হে নতুন এসে।
আমি কদাকার হেসোনা তা'বলে
আমাতে রয়েছে ভিত
এ মোরে সেবিলে সেবা তুমি পাবে
সব হারে হবে জিত।
৪ ডিসেম্বর, ২০১৬

Thursday, December 1, 2016

মাটির টানে ।। আল ফারুক

মহাপৃথিবী বিশাল এ ধরণী খুঁজে
এই বাংলার মায়াবী পথেই খুঁজে ফিরি মোর গ্রাম
সোজা পথ বাঁকা পথ চৌচির রৌদ্রে
ঘামে ভেজা কায়া নিয়ে লই বিশ্রাম।।
কতশত আশা নিয়ে পিপাসা কাতর হয়ে
হেঁটে হেঁটে বহুপথ মহাদেশ ঘুরি
সাগরের তীর ঘেঁসে লোনা জলে ভেসে ভেসে
মুক্তা মানিক কত এলো ভুরিভুরি।
কত জ্ঞান কত দেশে লভেছি অট্টহেসে
কত রূপে অপরূপ হলো দরশন
হিমালয় পাদদেশে বালুকের সাথে মিশে
প্রিয়কের প্রেমে হরো মন।
কত রঙ কত খেলা বিরহ বিজন বেলা
ভেসে ওঠে তারি মাঝে দেশ
বরষার পথঘাট সবুজের ধানক্ষেত
দোলা দিয়ে প্রাণে তোলে সুখের আবেশ।
প্রাসাদের চূড়া ছুঁয়ে মেঘের কোলেতে ভীড়ে
ভরেনা'ত কিছুতে এ মন
কতকাল পরে ফেরা তবুও কি যায় ছেঁড়া
মাটিতে মিশানো এই প্রিয় বন্ধন!
১ ডিসেম্বর, ২০১৬

প্রাণাঞ্জলি ।। আল ফারুক

সখি, এ শুধু মোর ভাগ্যের লেখা
বিপদ ডাকিয়া আনি
মুঠো মুঠো সুখ ঝড়িয়া পড়ে
অলক্ষ্যের কুরবানি।
যাহা চাই হাতে জোটে না সে মোর
জোটে তাই যাহা চাইনা
কাছে যারে পেতে ছুটিয়া আসি
কাছে কভু তারে পাইনা।
হাতে ধরি হেম পুড়ে হয় ছাই
ছাই তো হয় না হেম
যত গ্লানি জোটে এ মোর কপালে
জোটেনা কভুও প্রেম।
কত তরী যায় পাড়ি দিয়ে কত
পাথার তরঙ্গ ঢেউ
আমর এ তরীখানি ডোবে হাটুজলে
তুলিতে আসে না কেউ।
কত কারে দেখি উদাসী বিবাগী
পায়ে ঠেলে প্রিয়জন
আমি সখি কত মিনতি করেও
হারাই প্রাণের ধন।
দেখি শুধু আমি পরিহাস আসি
আমাতে পেতেছে ঠাঁই
প্রাণ পেতে দিয়ে লজ্জা জিতেছি
ভালোবাসা জিতি নাই।
১ ডিসেম্বর, ২০১৬

মুসলিম ।। আল ফারুক

তবুও মুক্তি দে মৃত্যুর বিনিময়
পারিনে বইতে বিষে ভরা দেহ
আশীবিষে করে ক্ষয়।
আমি যে জন্মেছি লঘুদের ঘরে
তাই ওরা বলে-
"এরা তো মানুষ নয়"।
আমি যে জন্মেছি ফিলিস্তিনের ভূখণ্ডে
গাজা পশ্চিম তীর, অথবা সিরিয়ায়
আফগানিস্থান কাবুলে কিংবা ইরাকি হয়ে
আমি যে মুসলিম আরাকানের রোহিঙ্গা
এখানে মানুষ নেই অথবা মানবতা
আমি যে মুসলিম আরবের ক্বাবাকে ভালোবাসি
ক্বাবার স্রষ্টায় আমার অটল বিশ্বাস।
তাই ওরা বলে-
"এরা তো মানুষ নয়"।
এখানে মানবতা নেই এরা যে মুসলিম!
এদের কেউ নেই-
বস্তুবাদী, পুজিবাদী, সম্রাজ্যাদী
এরা তো এমন নয়।
কি বিস্ময়! পৃথিবী বিতাড়িত হয়ে
মহাকালের অন্ধকারে বিলীন হতে চলেছি।
একদিন পৃথিবীর ইতিহাসে আলোচনা পর্যালোচনা শেষে
আমারা হবো- ডাইনোসারের মত!
কোথাও শব্দ নেই-
শুধু মুসলিম এই পরিচয় নিয়ে
অতি ভীতু আজ! বাঘের গর্জন নেই
বিড়ালের ছানারা আজ শুধু মুক্তি চায়!
আপনারি কবর আপনি রচে করি মৃত্যুর ভয়
শত্রুরা হাসে মহা উল্লাসে
বলে মারো আর মারো-
এরা তো মানুষ নয়, এরা তো মানুষ নয়।
২৬ নভেম্বর, ২০১৬